
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে ঘিরে বিতর্ক থামছেই না। ‘সরকে চুনার’ গান ও নারীদের ছোট করার অভিযোগের পর এবার নারীবাদ নিয়ে মন্তব্য ঘিরে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ‘ফেমিনিজম সমাজকে নষ্ট করেছে’ মন্তব্যটি ভাইরাল হলে বিতর্ক শুরু হয়। তবে লিলি সিং-এর সঙ্গে আলাপে নোরা জানান, ভাইরাল হওয়া ক্লিপগুলো তার বক্তব্যের পূর্ণ প্রসঙ্গ তুলে ধরেনি, ফলে ভুল বোঝাবুঝি হয়েছে।

তিনি স্পষ্ট করেন, নারীবাদের মূল ধারণার বিরোধিতা নয়, বরং চরমপন্থী দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন। নোরা বলেন, তিনি নারীর আর্থিক স্বাধীনতা ও ক্যারিয়ার গড়ার পক্ষে, পাশাপাশি পারিবারিক মূল্যবোধকেও গুরুত্ব দেন।
ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরে তিনি জানান, ছোটবেলায় বাবা-মায়ের বিচ্ছেদ দেখার পর থেকেই পরিবারে দুই অভিভাবকের গুরুত্ব তিনি উপলব্ধি করেছেন।
নোরার মতে, নারীরা একদিকে স্বাধীন ও শক্তিশালী হতে পারে, অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতাও সমান গুরুত্বপূর্ণ।










































