মঙ্গলবার । এপ্রিল ১৪, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১৩ এপ্রিল ২০২৬, ৬:৪৭ পূর্বাহ্ন
শেয়ার

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ


romero

ক্রিশ্চিয়ান রোমেরো। ছবি: সংগৃহীত

আসন্ন ফিফা বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে বড় দুঃসংবাদ এল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবিরে। দলের রক্ষণভাগের অতন্দ্র প্রহরী ও টটেনহ্যাম হটস্পারের তারকা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো গুরুতর ইনজুরিতে পড়েছেন। এই ইনজুরির কারণে বিশ্বকাপে তাঁর অংশগ্রহণ নিয়ে প্রবল শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে ফুটবল বিষয়ক জনপ্রিয় মাধ্যম গোল ডটকম।

রোববার (১২ এপ্রিল) ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে এক ভয়াবহ সংঘর্ষের শিকার হন রোমেরো। ম্যাচের শুরুতে নর্ডি মুকিয়েলের গোলে টটেনহ্যাম পিছিয়ে পড়ার পর বড় ধাক্কাটি আসে রোমেরোর ইনজুরিতে। সান্ডারল্যান্ডের ব্রায়ান রোবি বল দখলের লড়াইয়ে রোমেরোকে ধাক্কা দিলে তিনি গোলকিপার অ্যান্টোনিও কিনস্কির সঙ্গে সজোরে ধাক্কা খান। মাঠেই দীর্ঘক্ষণ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কান্নাজড়িত চোখে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন তারকা।

আর্জেন্টিনা জাতীয় দলের নির্ভরযোগ্য সাংবাদিক গাস্তন ইদুল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, রোমেরোর হাঁটুতে অস্থিরতা দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি মেনিসকাস বা লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার মতো গুরুতর চোট হতে পারে। আসন্ন স্ক্যান রিপোর্টের ওপরই নির্ভর করছে তিনি আদৌ বিশ্বকাপে আলবিসেলেস্তেদের হয়ে মাঠে নামতে পারবেন কি না।

টটেনহ্যাম কোচ রবার্তো ডি জার্বি ক্লাবের ওয়েবসাইটে বলেন, “এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আগামী কয়েক দিন আমাদের পর্যবেক্ষণে থাকতে হবে। আমি আশা করি এটি বড় কোনো সমস্যা নয়, কারণ সে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।”

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আসরে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে গ্রুপ ‘জে’-তে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। রক্ষণভাগের অন্যতম প্রধান ভরসা রোমেরোকে হারিয়ে ফেললে সেটি লিওনেল স্কালোনির দলের জন্য অনেক বড় অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়াবে।