
ঢালিউড তারকা অপু বিশ্বাস
রূপালী পর্দায় নিয়মিত না থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঢালিউড তারকা অপু বিশ্বাস। শোরুম উদ্বোধন থেকে ব্র্যান্ড প্রমোশন—সবখানেই তার সরব উপস্থিতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের ফেলে আসা দিনগুলো নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। সেখানে তিনি জীবনের বড় একটি অধ্যায় নিয়ে কথা বলতে গিয়ে অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ের সিদ্ধান্তকে স্রেফ ‘ভুল’ হিসেবে আখ্যায়িত করেছেন।
অপু বিশ্বাস মনে করেন যে ম্যাচিউরিটি বা পরিপক্কতা আসার আগে কোনো মেয়েরই বিয়ের পিঁড়িতে বসা উচিত নয়। ২০০৮ সালে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও দীর্ঘ ৯ বছর সেই খবর গোপন রেখেছিলেন তিনি। ২০১৭ সালে বিষয়টি প্রকাশ্যে আসার পর ২০১৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
দীর্ঘ এই সময়ে বারবার ট্রল আর সমালোচনার শিকার হলেও এখন আর সেসব তাকে বিচলিত করে না বরং নেতিবাচকতা এড়িয়ে নিজের কাজ উপভোগ করতেই তিনি বেশি পছন্দ করেন।

বর্তমানে অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটি ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে আসতে পারে বলে গুঞ্জন থাকলেও তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে চাননি তিনি।
ব্যক্তিজীবনের সব টানাপোড়েন পেছনে ফেলে পেশাদারিত্বের এক নতুন অপুকে বড় পর্দায় দেখার অপেক্ষায় আছেন সিনেমা প্রেমীরা।








































