মঙ্গলবার । এপ্রিল ১৪, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ১৩ এপ্রিল ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
শেয়ার

১২ দিনে রেমিট্যান্স এলো ১৪৪ কোটি ডলার


remittance

ফাইল ছবি

চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনেই দেশে প্রায় ১৪৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭ হাজার ৫৯৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৩০ টাকা হিসেবে)। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ৯৮ লাখ ডলার রেমিট্যান্স।

সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১০৫ কোটি ২০ লাখ ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৬৪ কোটি ৫০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২১ দশমিক ১০ শতাংশ বেশি।

এর আগে গত মার্চ মাসে দেশে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। এছাড়া ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

গত ডিসেম্বরে দেশে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স আসে। অন্যদিকে, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স আসে।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।