
ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর মা গুরুতর অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন বলে জানা গেছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মৌসুমীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানী।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ওমর সানী তাঁর শাশুড়ির জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক।

গণমাধ্যমকে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ওমর সানী জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন, তবে চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও পুরোপুরি জানা যায়নি।
মৌসুমীর মা দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এর আগেও ২০২০ সালে করোনা মহামারির সময়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মূলত বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় তিনি বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন।
ওমর সানীর এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা মৌসুমীর মায়ের দ্রুত আরোগ্য কামনা করে আবেগঘন বার্তা দিচ্ছেন। প্রিয় অভিনেত্রীর পরিবারের এই কঠিন সময়ে পাশে থাকার কথা জানাচ্ছেন অনেকে।







































