বুধবার । এপ্রিল ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৪ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শেয়ার

আজ টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি


Farmar-Card

ফাইল ছবি

দেশব্যাপী প্রি-পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে আজ টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ১০টার দিকে তার টাঙ্গাইলে পৌঁছানোর কথা রয়েছে।

টাঙ্গাইল পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমেই মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেখানে আয়োজিত বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

সফরের পরবর্তী কর্মসূচি অনুযায়ী, দুপুর সোয়া ১২টায় টাঙ্গাইল পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই সফরের বিস্তারিত সূচি নিশ্চিত করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফরের সার্বিক প্রস্তুতি তদারকিতে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইতোমধ্যে টাঙ্গাইলে অবস্থান করছেন।

প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই ‘কৃষক কার্ড’ কর্মসূচির মাধ্যমে দেশের কৃষি খাতে এক নতুন ও ডিজিটাল দিগন্তের সূচনা হবে বলে ধারণা করা হচ্ছে।