বুধবার । এপ্রিল ১৫, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৪ এপ্রিল ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
শেয়ার

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই চীন সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী


china-russia

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই চীন সফরে গিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ এবং হরমুজ প্রণালিতে অস্থিরতার প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্ব রাজনীতি বিশ্লেষকরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বেইজিংয়ে ল্যাভরভকে উষ্ণ লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। চীন ও রাশিয়া উভয় দেশই বর্তমান ইরান সংকটের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নীতির কঠোর সমালোচনা করেছে।

বিশেষ করে চীন ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা হওয়ায়, এই অবরোধে দেশটি অর্থনৈতিকভাবে সরাসরি ক্ষতির মুখে পড়েছে। উল্লেখ্য, চীন তার প্রয়োজনীয় তেলের প্রায় এক-তৃতীয়াংশ আমদানি করে ইরানের নিয়ন্ত্রণাধীন এই হরমুজ প্রণালি দিয়ে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিও জিয়াকুন হরমুজ প্রণালির গুরুত্ব তুলে ধরে বলেন, “এই রুটটি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য অপরিহার্য। এর স্বাভাবিক চলাচল নিশ্চিত করা বিশ্ব সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের বিষয়।” অন্যদিকে, বেইজিং সফরের আগে ল্যাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলে সংকট সমাধানে রাশিয়ার পূর্ণ কূটনৈতিক সহায়তার আশ্বাস দিয়েছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রীর মতে, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই।

ওয়াশিংটন বর্তমানে অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংকেও কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তিনি জানিয়েছেন, চীন যদি ইরানকে কোনো সামরিক সহায়তা দেয়, তবে চীনা পণ্যের ওপর ৫০ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করা হবে। তবে চীন এই অভিযোগকে ‘সম্পূর্ণ মনগড়া’ বলে উড়িয়ে দিয়েছে।

এই অস্থির পরিস্থিতির মধ্যেই বেইজিংয়ে কূটনৈতিক ব্যস্ততা তুঙ্গে। ল্যাভরভ ছাড়াও মঙ্গলবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান এবং স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এছাড়া ভিয়েতনামের প্রেসিডেন্টের চার দিনের সফরে চীন পৌঁছানোর কথা রয়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ল্যাভরভের এই সফর ইরান ইস্যুকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে নতুন কোনো শক্তিশালী মেরুকরণের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।