
ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে
রাজধানীর বনানীতে একটি ১১ তলা ভবনে লাগা ভয়াবহ আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর সড়কের কাঁচাবাজার এলাকায় অবস্থিত ওই ভবনের ১১ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নির্বাপণ কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বারিধারা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে আগুনের তীব্রতা বাড়লে পরবর্তীতে আরও চারটি ইউনিট যুক্ত করা হয়। মোট সাতটি ইউনিটের প্রচেষ্টায় আগুন আর ছড়াতে পারেনি।

আনোয়ারুল ইসলাম আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটিতে ডাম্পিংয়ের কাজ করছেন।
বনানীর মতো ব্যস্ত এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের ভবনগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস পৌঁছানোয় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।






































