শুক্রবার । এপ্রিল ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শেয়ার

জনগণের রায় নিয়ে প্রতারণা করছে বিএনপি: জামায়াত আমির


Jamat-Amir

সম্মেলনে কথা বলছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থ ও সুস্থ রাজনৈতিক ধারা অব্যাহত রাখতে জামায়াত নির্বাচনের ফল মেনে নিয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের জেলা আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান দাবি করেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। ব্যাপক নির্বাচনী কারচুপির মাধ্যমে জুলাইয়ের চেতনা নষ্ট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, সাবেক এক উপদেষ্টা ও বর্তমান সরকারের এক মন্ত্রীর বক্তব্যেই নির্বাচনী অনিয়মের বিষয়টি স্পষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, সংবিধান নিজেদের ইচ্ছামতো সংশোধন করে বিএনপি সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করতে চাইছে। সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

জামায়াত আমির বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে এবং দেশের সংকট নিয়ে সংসদে আলোচনা পর্যন্ত বাধাগ্রস্ত হচ্ছে।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে। বক্তব্য আংশিকভাবে নয়, সম্পূর্ণভাবে প্রকাশেরও আহ্বান জানান তিনি।

দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সংসদ ও রাজপথ—উভয় জায়গাতেই জনগণের স্বার্থে জামায়াত সক্রিয় থাকবে।