
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার উৎপাদনকারী কারখানা
বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার উৎপাদনকারী কারখানার কার্যক্রম। অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে যাবার কারণে শনিবার (১৮ এপ্রিল) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
কারখানাটির ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান (প্রশাসন) আলমগীর জলিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৪ মার্চ থেকে গ্যাস সংকটের কারণে পাশের দুটি কারখানা-চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। ওই দুই কারখানা থেকেই ডিএপি কারখানায় নিয়মিত অ্যামোনিয়া সরবরাহ করা হতো।

সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর মজুত অ্যামোনিয়া দিয়ে কিছুদিন উৎপাদন চালু রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার বিকেলে তা শেষ হয়ে যায়। এরপরই উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত এই কারখানাটি ২০০৬ সাল থেকে বাণিজ্যিক উৎপাদনে রয়েছে।
আনোয়ারার রাঙ্গাদিয়া এলাকায় অবস্থিত কারখানাটির দৈনিক উৎপাদন ক্ষমতা ৮০০ টন, দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) মিলিয়ে।
কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। তবে মজুদ দিয়ে এতদিন উৎপাদন চালু রাখা হয়েছিল, এখন তা শেষ। নতুন করে অ্যামোনিয়া সরবরাহ শুরু না হলে উৎপাদন পুনরায় চালু করা সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ থাকবে।










































