
ভূমিকম্পের সময় কয়েক মিনিট ধরে ভবন কেঁপে ওঠে
জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপান আবহাওয়া সংস্থা ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৪ থেকে ৭.৫।
ইওয়াতে, হোক্কাইডো ও আওমোরি অঞ্চলের কিছু অংশে তিন মিটার উচ্চতার সুনামির সতর্কতা জারি করা হয়েছে। উত্তর-পূর্ব জাপানের অন্যান্য এলাকায় সর্বোচ্চ এক মিটার উচ্চতার সুনামির আশঙ্কা জানিয়ে সতর্কতা দেওয়া হয়েছে।
রাজধানী টোকিওতে অবস্থানরত সংবাদকর্মীরা জানান, ভূমিকম্পের সময় কয়েক মিনিট ধরে ভবন কেঁপে ওঠে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, সরকার জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি টাস্কফোর্স গঠন করেছে।
এ পর্যন্ত সুনামির ঢেউ সতর্কতার মাত্রার নিচেই রয়েছে। ইওয়াতের কুজি বন্দরে প্রায় ০.৮ মিটার এবং মিয়াকো বন্দরে ০.৪ মিটার উচ্চতার ঢেউ আঘাত হেনেছে।
ভূমিকম্পের কারণে বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় টোকিও থেকে শিন-আওমোরি পর্যন্ত বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া উত্তর জাপানের আরও কিছু রেলপথেও পরিষেবা স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, জাপান ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। এটি ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত, যেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।







































