
ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন নাহিদ রানা
সিরিজ বাঁচানোর বাঁচা-মরার লড়াইয়ে মিরপুরে আজ গতির ঝড় তুলেছেন তরুণ পেসার নাহিদ রানা। তার বিধ্বংসী বোলিংয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ১৯৮ রানেই অলআউট হয়ে গেছে সফরকারী নিউজিল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নাহিদের তোপের মুখে পড়ে কিউই ব্যাটাররা।
দলীয় স্কোর ৩০ হওয়ার আগেই ২ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলে দেন এই ডানহাতি পেসার।
মাঝে নিক কেলি ও মুহাম্মদ আব্বাসের ৫৬ রানের জুটি ভাঙেন সেই নাহিদই। ১৯ রান করা আব্বাসকে লিটনের ক্যাচ বানিয়ে কিউইদের প্রতিরোধ ভেঙে দেন তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকতে থাকে নিউজিল্যান্ড।

শেষ পর্যন্ত ডিন ফক্সক্রফট ও জেইডেন লিনক্সকে আউট করে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন ২৩ বছর বয়সী এই পেসার। ১০ ওভারে ৩২ রান খরচায় ৫ উইকেট নেওয়া নাহিদকে যোগ্য সঙ্গ দিয়েছেন শরীফুল ইসলাম।
শরীফুলের শিকার ৮৩ রান করা নিক কেলি। শরীফুল ২ উইকেট নিলে নিউজিল্যান্ডের ইনিংস থামে দুইশর নিচেই। সিরিজ সমতায় ফিরতে বাংলাদেশের লক্ষ্য এখন ১৯৯ রান।











































