
ছবি: সংগৃহীত
গাজায় চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর চালানো পৃথক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) খান ইউনিসে পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে পুলিশের পাশাপাশি অন্তত তিনজন বেসামরিক পথচারীসহ মোট আটজন নিহত হন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খান ইউনিসে একটি অভ্যন্তরীণ সংঘর্ষ থামাতে পুলিশ সদস্যরা হস্তক্ষেপ করার পরপরই তাদের ওপর এই হামলা চালানো হয়। এছাড়া গাজা সিটিতে আরেকটি পৃথক হামলায় আরও দুজন পুলিশ কর্মকর্তা প্রাণ হারান।
এদিকে উত্তর গাজার বেইত লাহিয়া অঞ্চলে একটি আবাসিক বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় এই নির্বিচার হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানায়, বেসামরিক পুলিশ সদস্যদের লক্ষ্য করে চালানো এই হামলার বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা ইসরায়েলি দখলদার বাহিনীকে আরও অপরাধ করতে উৎসাহিত করছে। মন্ত্রণালয় এই নীরবতাকে ইসরায়েলি শক্তির সঙ্গে পরোক্ষ সহযোগিতা হিসেবে অভিহিত করেছে।








































