
বৈঠকে ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন।
শনিবার (২৫ এপ্রিল) সংবাদমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’ ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদসূত্রে এই বৈঠকের তথ্য নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ইরানি প্রতিনিধি দলটি ইসলামাবাদে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তাদের অভ্যর্থনা জানান। বৈঠকে উভয় পক্ষ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। পাকিস্তান বর্তমানে এই দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী বা ‘কূটনৈতিক সেতু’ হিসেবে কাজ করছে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কোনো সরাসরি বৈঠক হবে না। পরিবর্তে পাকিস্তান সরকার উভয়ের মধ্যে বার্তার আদান-প্রদান করবে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছেন, এই আলোচনার মূল লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং সংলাপের পরিবেশ তৈরি করা।
এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকেও জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার আজ শনিবার পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, ইসলামাবাদে অবস্থানরত এই দুই দেশের প্রতিনিধিদের মাধ্যমে পাকিস্তান দ্বিতীয় দফার শান্তি আলোচনাকে ফলপ্রসূ করতে জোরালো প্রচেষ্টা চালাচ্ছে।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল







































