সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ জুন ২০১৫, ১১:১৯ পূর্বাহ্ন
শেয়ার

আবারো সেলফোনের বাজারে ফিরছে নকিয়া


Nokiaজনপ্রিয় সেলফোন নির্মাতা কোম্পানি নকিয়া ২০১৬ সালের মধ্যেই আনুষ্ঠানিকভাবে আবারো ডিভাইস উৎপাদনে ফিরছে। ডিভাইস নকশা এবং লাইসেন্সিংয়ের জন্য এরই মধ্যে পরিকল্পনা শুরু করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি জার্মানির ম্যানেজার ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাত্কারে ২০১৬ সালের মধ্যেই ডিভাইস উৎপাদনে ফেরার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজিব সুরি। খবর রয়টার্স।

২০১৪ সালে মার্কিন শীর্ষ সফটওয়্যার নির্মাতা কোম্পানি মাইক্রোসফটের কাছে বিক্রি করে নকিয়া। এর পর থেকেই ধারণা করা হচ্ছিল, আর কখনই হয়তো ডিভাইস উৎপাদনে ফিরবে না প্রতিষ্ঠানটি। এ ধারণাকে ভুল প্রমাণিত করে এরই মধ্যে এন ওয়ান নামে একটি ট্যাবলেট বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি।

নকিয়ার সেলফোন বিভাগ মাইক্রোসফট অধিগ্রহণের আগে নকিয়ার মূল কোম্পানি তিন ভাগে বিভক্ত ছিল। একটি ছিল নকিয়া নেটওয়ার্কস, অন্য দুটি হলো হিয়ার ম্যাপস ও নকিয়া টেকনোলজিস। মাইক্রোসফট নকিয়া টেকনোলজিসের নকিয়া ডিভাইস ও সার্ভিস ব্যবসা অধিগ্রহণের চুক্তি অনুযায়ী, ২০১৬ সালে চতুর্থ প্রান্তিকের আগে নকিয়া ব্র্যান্ড নামে নতুন কোনো স্মার্টফোন আনতে পারবে না প্রতিষ্ঠানটি। এছাড়া আগামী ১০ বছর কোনো ফিচার ফোনে নকিয়া ব্র্যান্ড নাম ব্যবহার করতে পারবে না। ফলে ২০১৬ সালের আগে নকিয়া ব্র্যান্ডের কোনো স্মার্টফোন বাজারে আসবে কিনা, তা নিয়ে সংশয় ছিল প্রযুক্তি বিশ্বে।

ডিভাইস উৎপাদনে ফেরার পাশাপাশি বেশকিছু নতুন প্রযুক্তি নিয়েও কাজ করছে নকিয়া। এগুলোর মধ্যে রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট উন্নয়ন।