
যাত্রীদের বিমানে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরণের কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে এ আহ্বান জানানো হয়েছে। খবর ওয়াল স্ট্রিট জার্নাল।
এফএএর সাম্প্রতিক বিবৃতি অনুযায়ী, এ ঘটনা ও উদ্বেগের আলোকে যাত্রীদের বিমানে এসব ডিভাইস চালু রাখা ও চার্জ না দেয়ার পরামর্শ দেয়া হলো। এমনকি কোনো লাগেজেও গ্যালাক্সি নোট ৭ রাখা চলবে না। এফএএর বিবৃতিতে নির্দিষ্ট কোনো ঘটনার উল্লেখ নেই। স্যামসাং এ নিয়ে এফএএর সঙ্গে আলোচনার কথা জানালেও কোনো মন্তব্য করেনি। দক্ষিণ কোরিয়ার বিমান নিরাপত্তা নিয়ন্ত্রকদের স্যামসাং গ্যালাক্সি নোট ৭ ডিভাইসে নিষেধাজ্ঞা আরোপের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে। মার্কিন সংস্থার নিষেধাজ্ঞার খবরে প্রভাবিত হয়েছে স্যামসাংয়ের শেয়ারদর। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ারের দর কমেছে ২ দশমিক ৭ শতাংশ।
১৯ আগস্ট উন্মোচন হয়েছে গ্যালাক্সি নোট ৭। এর পর বিশ্বব্যাপী সরবরাহ করা হয় ২৫ লাখ ইউনিট ডিভাইস। যুক্তরাষ্ট্রে ফোনটি কিনতে গ্রাহককে ব্যয় করতে হয় ৮০০ ডলারের বেশি। অ্যাপল ইনকরপোরেশন ও চীনা প্রতিদ্বন্দ্বীদের চাপে আন্তর্জাতিক বাজারে দখল অনেকটাই হারিয়েছে স্যামসাং। গ্যালাক্সি ফোনের জনপ্রিয়তা ব্যবহার করে স্মার্টফোন ব্যবসা এগিয়ে নিতে বদ্ধপরিকর প্রতিষ্ঠানটি।
নির্দিষ্ট কোনো ব্র্যান্ড বা মডেলের সম্ভাব্য বিপত্তি শনাক্ত করা এফএএর জন্য খুবই অস্বাভাবিক। কিন্তু যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ রকম নির্দেশনা দেয়া হয়েছে। ব্যাটারি বিস্ফোরণের খবরের পর বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা স্যামসাং গ্যালাক্সি নোট ৭ বাজার থেকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে। এর এক সপ্তাহেরও কম সময়ে এফএএ এ ডিভাইস ব্যবহারে বিধিনিষেধ জারি করল। এফএএর আগে অস্ট্রেলিয়ার তিনটি এয়ারলাইনস কানতাস এয়ারওয়েজ, জেটস্টার ও ভার্জিন অস্ট্রেলিয়া তাদের বিমানে গ্যালাক্সি নোট ৭ ব্যবহার না করার পরামর্শ দিয়েছে যাত্রীদের।





































