
উচ্চক্ষমতার ব্যাটারি ও দ্রুত চার্জিং প্রযুক্তির কল্যাণে স্মার্টফোন ডিভাইসের কার্যসম্পাদন ক্ষমতা বেড়েছে কয়েক গুণ। কিন্তু সমস্যা হলো এ ধরনের উচ্চক্ষমতার স্মার্টফোন ব্যবহারকারীরা প্রায়ই ডিভাইস উত্তপ্ত হওয়ার সমস্যায় পড়েন। সাধারণত চার্জে থাকা অবস্থায়, ফোরকে কনটেন্ট প্লে বা রেকর্ডিংয়ের সময় অথবা ভারী কোনো অ্যাপ ব্যবহারের সময় ডিভাইস বেশি উত্তপ্ত হয়। সিংহভাগ ক্ষেত্রে হার্ডওয়্যারের কারণে ডিভাইস গরম হয়। কিছু নির্দেশনা মেনে চলার মাধ্যমে ডিভাইস উত্তপ্ত হওয়া রোধ করা সম্ভব। এমন ছয়টি নির্দেশনা নিয়ে আজকের আয়োজন—
কেস সরিয়ে ফেলুন
স্মার্টফোনে কেস ব্যবহার করা মানে ডিভাইসকে বাইরের পরিবেশ থেকে আলাদা করে ফেলা। অর্থাত্ কোনো কারণে ডিভাইস উত্তপ্ত হলেও ভেতরে সৃষ্ট তাপ বাইরে বেরোতে পারবে না। কিছু ক্ষেত্রে ডিভাইসের কেস সরিয়ে ফেলা উত্তপ্ত হওয়া রোধ করবে।
চার্জিংয়ের সময় শক্ত স্থানে রাখুন
ডিভাইস চার্জে দেয়ার সময় বেড বা সোফার উপর না রেখে শক্ত কিছুর ওপর রাখুন, যা তাপ শুষে নেবে। কারণ বেড বা সোফার ওপর রেখে চার্জ দিলে উত্পন্ন তাপ ডিভাইসের ভেতরে আটকা পড়ে, যা স্মার্টফোনকে আরো গরম করে তোলে।
ব্যাটারিতে প্রভাব ফেলে এমন অ্যাপ মুছে ফেলুন
স্মার্টফোন ডিভাইসে বিভিন্ন কাজ সম্পাদনের জন্য নানা অ্যাপ ব্যবহার করতে হয়। বেশকিছু অ্যাপ আছে যেগুলো ডিভাইসের ব্যাটারিতে নেতিবাচক প্রভাব ফেলে। সাধারণত এ অ্যাপগুলো বন্ধ করা হলেও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ফলে দ্রুত ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় এবং ডিভাইসের কার্যসম্পাদন ক্ষমতা কমে যায়।
রাতব্যাপী চার্জে রাখা বাদ দিন
ব্যবহারকারীদের অনেকেই রাতভর ডিভাইস চার্জে দিয়ে রাখেন। রাতব্যাপী স্মার্টফোন চার্জে রাখা শুধু ব্যাটারির কার্যকারিতা কমিয়ে দেয় না, বরং ডিভাইসকে উত্তপ্ত করে। দীর্ঘ সময় চার্জে রাখার কারণে ব্যাটারি বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের অসংখ্য ঘটনা রয়েছে।
সরাসরি সূর্যালোক এড়িয়ে চলুন
ডিভাইস ব্যবহারের সময় সরাসরি সূর্যালোক এড়িয়ে চলুন। কারণ সূর্যের আলো ও চালু থাকা ব্যাকগ্রাউন্ড অ্যাপ দুই মিলে ডিভাইসকে উত্তপ্ত করে তুলবে।
প্লাস্টিক ব্যাক কাভার ব্যবহার করে সূর্যের আলো থেকে ডিভাইসকে সুরক্ষিত রাখা যেতে পারে।
তৃতীয় পক্ষের চার্জার ও ব্যাটারি এড়িয়ে চলুন
বেশকিছু তৃতীয় পক্ষ প্রতিষ্ঠানের সরবরাহ করা চার্জার ও ব্যাটারি ডিভাইস গরম হওয়ার জন্য দায়ী। শুধু ব্যাটারি নয়; ভিন্ন ওয়াটের চার্জার কিছু কিছু ক্ষেত্রে স্মার্টফোনকে উত্তপ্ত করে তুলতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া




































