সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৬ মে ২০১৭, ৯:০৯ অপরাহ্ন
শেয়ার

আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের ১২ বছর


mushfiqছিলেন না মূল দলে। তবে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত খেলে সুযোগ পেয়ে যান টেস্ট দলে। ২০০৫ সালের ২৬ মে লর্ডসে মাত্র ১৭ বছর বয়সে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকুর রহীমের। ঐতিহ্যবাহী লর্ডসের অভিষেকের পর আজ ২০১৭ সালের ২৬শে মে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ বছর পূর্ণ হলো বাংলাদেশ টেস্ট দলের বর্তমান অধিনায়কের। যেখানে ক্যারিয়ারের শুরু, কাকতালীয়ভাবে এক যুগ পূর্তির দিনেও সেই ইংল্যান্ডেই অবস্থান করছেন টাইগারদের টেস্ট অধিনায়ক।

প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত খেললেও অভিষেকটা স্মরণীয় করে রাখতে পারেননি মুশফিক। প্রথম ইনিংসে ম্যাথু হগার্ডের বলে বোল্ড হয়েছিলেন ১৯ রান করার পর। আর দ্বিতীয় ইনিংসে অ্যান্ড্রু ফ্লিনটফের বলে আউট হওয়ার আগে করেন ৩ রান। বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে হেরেছিলো ইনিংস ও ২৬১ রানে। এদিকে ২০০৫ সালে সাদা পোশাকে অভিষেক হবার পর ২০০৬ সালেই ওয়ানডে (৬ আগস্ট, ২০০৬) ও টি-টোয়েন্টি (২৮শে নভেম্বর, ২০০৬) অভিষেক হয় মুশফিকের।

mushfiq-debu

অভিষেক ম্যাচে মুশফিক

২০১১ সালে সব ধরণের ক্রিকেটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবার ভার পান মুশফিক। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের অধিনায়ক পরিবর্তিত হলেও মুশফিকুর সাদা পোশাকে এখনও বাংলাদেশ দলের অধিনায়ক। টেস্টে বাংলাদেশকে সর্বোচ্চ ৩০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। তার নেতৃত্বেই শ্রীলঙ্কায় নিজেদের শততম টেস্ট খেলে বাংলাদেশ।

দীর্ঘ এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে মুশফিক ৫৪ টেস্ট, ১৭২ ওয়ানডে ও ৫৯টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ত্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে মুশফিকের রান ৮২২৬। ৫৪ টেস্টে ৫টি সেঞ্চুরি ও ১৭টি ফিফটিসহ করেছেন ৩২৬৫ রান। সর্বোচ্চ ২০০। দেশের হয়ে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তিটি এই ২৯ বছর বয়সী ব্যাটসম্যানের। ১৭২ ওয়ানডেতে ৪টি সেঞ্চুরি ও ২৪টি ফিফটি সহ করেছেন ৪২৩৫ রান। ৫৯ টি-টোয়েন্টিতে ১টি ফিফটি সহ করেছেন ৭২৬ রান।