মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২০ জুলাই ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
শেয়ার

দক্ষিণ কোরিয়ায় ভারী বৃষ্টি ও ভূমিধসে ১০ মৃত্যু, নিখোঁজ ৯


গত চারদিন ধরে দক্ষিণ কোরিয়ায় টানা ভারী বৃষ্টি ও ভূমিধসে অন্তত ১০ জন নিহত এবং ৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় অগ্নিনির্বাপন সংস্থা। রোববার (২০ জুলাই) সকাল ৫টা পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী এই হতাহতের সংখ্যা জানানো হয়।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় সানচিয়ং কাউন্টিতে। এখানেই ৬ জন মারা গেছেন এবং ৭ জন নিখোঁজ রয়েছেন। খবর ইয়োনহাপ নিউজের।

অন্য হতাহতের ঘটনা ঘটেছে কিয়ংগি প্রদেশের ওসান, সাউথ চুংচেয়ং প্রদেশের সিওসান এবং ড্যাংজিনে। নিখোঁজ ৯ জনের মধ্যে ২ জন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গওয়াংজুতে নিখোঁজ হয়েছেন।

সানচিয়ংয়ে এখনো উদ্ধার তৎপরতা চলছে জানিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেছেন, এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতোমধ্যে সেখান থেকে ৫৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গত বুধবার থেকে শুরু হওয়া এই অতিবৃষ্টিতে সানচিয়ংয়ে এখন পর্যন্ত ৭৯৩.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পাশাপাশি হাপচেয়ন কাউন্টিতে ৬৯৯ মিলিমিটার এবং হাদং কাউন্টিতে ৬২১.৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এখন পর্যন্ত দেশজুড়ে মোট ১,৯২০টি স্থানে রাস্তা ডুবে যাওয়া, মাটি ধসে পড়া এবং সরকারি অবকাঠামো ধ্বংসের ঘটনা নথিভুক্ত হয়েছে। এছাড়া ভবন ও কৃষিজমি সহ ব্যক্তিগত সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দেশটির মোট ১৪টি প্রধান শহর ও প্রদেশে ১২,৯২১ জন মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। রোববার সকাল পর্যন্ত রাজধানী সিউল ও গ্যাংওন প্রদেশে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।