মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
ডেস্ক রিপোর্ট আন্তর্জাতিক ২২ জুলাই ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন
শেয়ার

ট্রাম্পের পূর্বাভাস সত্যি হলো

যুক্তরাষ্ট্রে আখের চিনির কোক আনছে কোকা-কোলা



এবার আখের চিনি দিয়ে তৈরি নতুন কোক যুক্তরাষ্ট্ররে বাজারে আনতে যাচ্ছে কোকা-কোলা। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবি ছিল, কোম্পানিটি উচ্চ-ফ্রুক্টোজ কর্ন সিরাপ বাদ দিয়ে আখের চিনি ব্যবহার করতে রাজি হয়েছে। এই দাবির কয়েকদিন পরেই কোকা-কোলা তাদের ত্রৈমাসিক আয়ের প্রতিবেদনে এ সিদ্ধান্তের কথা জানায়।

কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস কুইনসি বলেন, “যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ভিন্নধর্মী স্বাদের চাহিদার প্রতিফলন হিসেবে আখের চিনি দিয়ে তৈরি কোকা-কোলার ট্রেডমার্ক পণ্যের পরিসর বাড়ানোর পরিকল্পনা আমাদের রয়েছে।”

তিনি আরও বলেন, এটি মূল কোক পণ্যের বিকল্প নয়, বরং একটি ‘সম্পূরক’ সংস্করণ হবে। তিনি আরও বলেন, “আমরা কর্ন সিরাপও আগের মতো ব্যবহার করে যাব।”

উল্লেখ্য, মেক্সিকান কোকা-কোলা আগে থেকেই আখের চিনি দিয়ে তৈরি হয়ে যুক্তরাষ্ট্রে বিক্রি হয়, তবে তার দাম প্রায় দ্বিগুণ। তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে আখের চিনি উৎপাদন মোট চাহিদা মেটাতে সক্ষম নয়।

এই ঘোষণা আসে এমন এক সময়, যখন মার্কিন স্বাস্থ্যসচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের নেতৃত্বে “মেক আমেরিকা হেলদি এগেইন” প্রচার শুরু হয়েছে। খাদ্য ও পানীয় কোম্পানিগুলো এই ক্যাম্পেইনের আওতায় স্বাস্থ্যবান্ধব সংস্কার চালু করছে।

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কর্ন সিরাপ বাদ দিয়ে আখের চিনি ব্যবহারে পানীয় খুব একটা স্বাস্থ্যসম্মত হয়ে উঠবে না। “সেন্টার ফর সায়েন্স ইন দ্য পাবলিক ইন্টারেস্ট” এর জ্যেষ্ঠ বিজ্ঞানী ইভা গ্রিনথল বলেন, “চিনি যতই প্রাকৃতিক হোক না কেন, অতিরিক্ত গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চিনি পরিবর্তন নয়, বরং চিনি কমানোই যুক্তরাষ্ট্রের খাদ্য ব্যবস্থাকে স্বাস্থ্যকর করতে পারে।”

ডোনাল্ড ট্রাম্প গত ১৬ জুলাই এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে দাবি করেন, “আমি কোকা-কোলার সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রকৃত আখের চিনি ব্যবহারের বিষয়ে কথা বলেছি এবং তারা রাজি হয়েছে। এটি তাদের দারুণ এক পদক্ষেপ হবে।”

তবে কোকা-কোলা পরে এক বিবৃতিতে জানায়, “আমরা আমাদের কিছু পণ্যে যে উচ্চ-ফ্রুক্টোজ কর্ন সিরাপ ব্যবহার করি, সেটি মূলত ভুট্টা থেকে তৈরি নিরাপদ এক মিষ্টিকারক। এটি সাধারণ চিনির মতোই ক্যালরি দেয় এবং শরীরে একইভাবে ভাঙে।”

তারা আরও জানিয়েছে, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে, কর্ন সিরাপ সাধারণ চিনি বা অন্য কোনো পূর্ণ ক্যালরিযুক্ত মিষ্টিকারকের চেয়ে বেশি মোটা হওয়ার ঝুঁকি বাড়ায় না।

২০২৩ সালে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, উচ্চ-ফ্রুক্টোজ কর্ন সিরাপ বা অন্যান্য ফ্রুক্টোজযুক্ত মিষ্টিকারকের ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ বা সতর্কতামূলক লেবেল বাধ্যতামূলক করার পক্ষে এখনো যথেষ্ট প্রমাণ নেই।

প্রাথমিকভাবে কোকা-কোলা ট্রাম্পের “উৎসাহ” এর প্রশংসা করে একটি নিরপেক্ষ বিবৃতি দেয়, যেখানে ভবিষ্যতে “নতুন উদ্ভাবনী পণ্যের” আভাস দেওয়া হয়। পরে তারা কর্ন সিরাপের পক্ষেও ইতিবাচক বক্তব্য দেয়।

সূত্র: দ্য গার্ডিয়ান