
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন পূজামণ্ডপে সরকারি অনুদান হিসেবে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গত বছর পূজামণ্ডপগুলোর জন্য চার কোটি টাকা দেওয়া হয়েছিল। এবার তা বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। প্রয়োজনে পূজা নির্বিঘ্নে আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তাও দেওয়া হবে।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে দুর্গাপূজায় মাত্র ২ কোটি টাকা অনুদান দেওয়া হতো। অথচ বর্তমান সরকার শুধু অনুদানই বাড়ায়নি, নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে ব্যাপক প্রস্তুতিও নিয়েছে।
পূজা নির্বিঘ্নে পালনের জন্য কোনো হুমকি নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজার সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি, পুণ্যার্থী ও দর্শনার্থীদের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় তিনি জানান, পূজার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণে একটি বিশেষ অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে যেকোনো ঘটনা তাৎক্ষণিকভাবে সরকারের কাছে পৌঁছে যাবে। দিন-রাত ২৪ ঘণ্টা পূজা মনিটরিং করা হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, অন্যান্য ধর্মের মানুষও এতে যোগ দেন। তাই এর পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রমনা কালী মন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস, সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এম তরুণ দে এবং পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর বসু প্রমুখ।







































