বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন
শেয়ার

২০২৬ সালের একুশে বইমেলা শুরু হবে এ বছরের ১৭ ডিসেম্বর থেকে


Boimela
অমর একুশে গ্রন্থমেলা এবার আগেভাগেই শুরু হচ্ছে। প্রতিবছর ফেব্রুয়ারিতে আয়োজিত হলেও ২০২৬ সালের বইমেলা শুরু হবে আগামী ১৭ ডিসেম্বর এবং চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির শহীদ মুনির চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকরা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

বিষয়টি নিশ্চিত করে মফিদুর রহমান বলেছেন, “দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং রমজানের সময়সূচি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাসব্যাপী এ আয়োজন চলবে।”

অমর একুশে গ্রন্থমেলা জাতির ভাষা আন্দোলনের চেতনার সঙ্গে যুক্ত সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ পরিস্থিতিতেও এর আয়োজন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানান সংস্কৃতি সচিব।

সভায় অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, “এবারের মেলায় প্রকাশকদের স্বার্থ, পাঠক উপস্থিতি ও সামগ্রিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।” প্রকাশক মহলও সময় পরিবর্তনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

বৃহস্পতিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়।