
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে রাকসু ও চাকসু নির্বাচন–২০২৫ উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “এসব নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই। ভালোভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি। এজন্য আপনাদের (সাংবাদিক) সহযোগিতা দরকার।”
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই রাকসু ও চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা দেশের ভেতরে ও বাইরে উচ্চশিক্ষিত—তাদের অংশগ্রহণে এ নির্বাচন সুন্দরভাবেই সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আছে। রাকসু ও চাকসুর অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কীভাবে কাজে লাগানো যায়, সেজন্য আজকের বৈঠক।”
সভায় আলোচনার বিষয়ে তিনি জানান, ভোটকেন্দ্র সংখ্যা, ভোট গণনার প্রক্রিয়া, কালি ব্যবহারের নিয়ম, দ্রুত ফল ঘোষণার ব্যবস্থা, ছবিসহ ভোটার তালিকা—এসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এসব সাজেশন ভবিষ্যতে কাজে লাগানো হবে বলেও জানান তিনি।
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ব্রিফিংয়ে বলেন, রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। ডাকসু ও জাকসুর অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখা গেছে। এবারের নির্বাচনও সুষ্ঠু ও সুন্দরভাবে হবে বলে তিনি আশা প্রকাশ করেন।







































