শুক্রবার । মার্চ ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১১ অক্টোবর ২০২৫, ৩:১৩ অপরাহ্ন
শেয়ার

বাগদান সেরেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন


বাগদান সেরেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন । শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে ব্যারিস্টার নুসরাত খানকে বিয়ের আংটি পরিয়েছেন ইশরাক।

শনিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

নুসরাত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য টাঙ্গাইল জেলা সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে। ইশরাক হোসেনের মা ইসমত হোসেন ও মেয়ের বাবা নুর মোহাম্মদ তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ইশরাক হোসেনের মা ইসমত হোসেন বলেন, হঠাৎ করে পারিবারিকভাবে বিয়ের আংটি পরানো হয়েছে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

ইশরাক হোসেন ১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কেটেছে রাজধানী ঢাকা শহরে। তিনি ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে ভর্তি হন। সেখানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০১১ সালে পড়াশোনা শেষ করে তিনি কিছুদিন যুক্তরাজ্যে থেকে বিভিন্ন স্থানীয় মোটরগাড়ি সংস্থায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন।