বুধবার । মার্চ ১৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ অক্টোবর ২০২৫, ১১:২০ অপরাহ্ন
শেয়ার

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার বৈঠক


Brazil President

ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরাম (ডব্লিউএফএফ)-এর কর্মসূচির ফাঁকে সোমবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে দুই নেতা পারস্পরিক সহযোগিতা, টেকসই কৃষি উন্নয়ন ও বৈশ্বিক খাদ্য নিরাপত্তা জোরদারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, উভয় নেতা বিশ্বের চলমান খাদ্যসংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করার কৌশল নিয়ে মতবিনিময় করেন। বৈঠকে অধ্যাপক ইউনূস টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যৌথ পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে সোমবার (১৩ অক্টোবর) ওয়ার্ল্ড ফুড ফোরাম-এর উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে অধ্যাপক ইউনূস ক্ষুধামুক্ত বিশ্ব গঠনের জন্য বৈশ্বিক খাদ্য ও অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার আহ্বান জানান। তিনি ছয় দফা প্রস্তাব তুলে ধরে বলেন, ‌‘ক্ষুধা কোনো সম্পদের অভাব নয়, এটি আমাদের তৈরি করা অন্যায্য অর্থনৈতিক কাঠামোর ফল। এই কাঠামো পরিবর্তন না করলে আমরা ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে পারব না।’

তার ছয় দফা প্রস্তাবে অধ্যাপক ইউনূস প্রথমেই যুদ্ধ বন্ধ করে সংলাপের মাধ্যমে সংঘাতপূর্ণ অঞ্চলে খাদ্য পৌঁছানোর নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি এসডিজি বাস্তবায়নে অর্থায়নের প্রতিশ্রুতি রক্ষা, জলবায়ু সংকট মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বাড়াতে বিশ্ব নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আঞ্চলিক খাদ্য ব্যাংক গঠন, তরুণ কৃষি উদ্যোক্তাদের সহায়তা, খাদ্য রপ্তানিতে অযৌক্তিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং গ্লোবাল সাউথের তরুণ কৃষকদের জন্য প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ নিশ্চিত করার কথাও বলেন।

বিশ্বের খাদ্য সংকট ও বৈষম্য মোকাবিলায় ওয়ার্ল্ড ফুড ফোরামকে নতুন ভাবনা ও উদ্ভাবনী সমাধানের একটি প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, ‘আমরা যদি সত্যিকার অর্থে ক্ষুধামুক্ত পৃথিবী চাই, তবে সহযোগিতাই হতে হবে আমাদের প্রধান হাতিয়ার।’