বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৫ অক্টোবর ২০২৫, ৮:০৫ অপরাহ্ন
শেয়ার

শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর, নির্বাচন ফেব্রুয়ারিতেই: প্রধান উপদেষ্টা


Consensus-Commission

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী শুক্রবার উৎসবমুখর পরিবেশে আমরা সেখানে যাবো এবং জুলাই সনদে স্বাক্ষর করবো। বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।’

এর আগে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়।

সে বৈঠকে কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও বৈঠকে যোগ দেন।

রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত এই বৈঠককে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্বমঞ্চ হিসেবে দেখা হচ্ছে। সরকারের পক্ষ থেকেও এ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।