বহুল প্রত্যাশিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর হতে যাচ্ছে আজ। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠান।
অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংসদ ভবন এলাকা সাজানো হয়েছে নতুন সাজে, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানের সময় পুরো সংসদ এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
জানা গেছে, সনদে সই করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সদস্যরা, এবং বিভিন্ন রাজনৈতিক দলের দুজন করে প্রতিনিধি। তবে শেষ সময়েও নানা শর্ত ও ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যাপারে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল।
বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছে, তবে শর্ত রয়েছে যে তাদের মন্তব্য ও নোট অব ডিসেন্ট সনদে লিপিবদ্ধ হবে। জামায়াত অনুষ্ঠানে উপস্থিত থাকবে, তবে স্বাক্ষরের সিদ্ধান্ত পরে জানাবে। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সনদে অংশগ্রহণ করবে না, দাবি করছে আইনগত ভিত্তি ছাড়া অনুষ্ঠান শুধুই আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ।
বাম ধারার চারটি দল—সিপিবি, বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও জাসদ—ও আগে থেকেই জানিয়েছে, সংশোধিত খসড়া না পেলে তারা সনদে স্বাক্ষর করবে না। অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, আজ আনুষ্ঠানিক স্বাক্ষরের পরেও রাজনৈতিক দলগুলোর জন্য পরবর্তী সময়ে সনদে স্বাক্ষরের সুযোগ থাকবে।
গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গঠিত ছয়টি সংস্কার কমিশনের—সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ— প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন।
দুই পর্বের আলোচনায় ৬৩টি রাজনৈতিক দল অংশ নেয় এবং মোট ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছায় কমিশন। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনা করে জুলাই সনদের চূড়ান্ত খসড়া তৈরি করা হয়।
গত ১৪ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর হাতে সনদের চূড়ান্ত কপি হস্তান্তর করে। আজকের সইয়ের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রক্রিয়ায় নতুন অধ্যায়ের সূচনা ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


































