
বাড়িভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে আজ রবিবার রাজধানীতে ভুখা মিছিল করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। পুলিশের বাধায় মিছিল থেমে গেলে তারা আবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে সমাবেশ করেন। সেখান থেকেই বেতনভিত্তিক ২০ শতাংশ বাড়িভাতা বৃদ্ধিসহ দাবিগুলো না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা।
আন্দোলনের অন্যতম নেতা দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, ‘আগামীকাল সোমবার থেকে আমরা আমরণ অনশনে যাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।’ তিনি আরও বলেন, ‘আজ ৫ শতাংশ বাড়িভাতার সিদ্ধান্তকে আমরা একটি প্রাথমিক বিজয় মনে করছি। কিন্তু বাড়িভাড়া ২০ শতাংশ, চিকিৎসাভাতা ১ হাজার ৫০০ টাকা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা না দিলে আমরা শ্রেণি কার্যক্রমে ফিরব না।’
শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়িভাতা ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২ হাজার টাকা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, এই সিদ্ধান্ত নভেম্বর থেকে কার্যকর হবে।
তবে সরকারের এই ঘোষণা প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা। তাদের দাবি, পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরণ অনশনসহ সব কর্মসূচি চলবে।







































