
জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থান চলাকালে হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের হওয়া ৮৩৭টি মামলার (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ৪৫টি বাদে) অধিকাংশই দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে। সোমবার (২০ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী সরকার কর্তৃক পরিচালিত অভিযানে দেশজুড়ে ছাত্র ও জনতার বিরুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত মোট ৮৩৭টি মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ১৯টি মামলার অভিযোগপত্র ইতোমধ্যে দাখিল করেছে পুলিশ, যা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন ২০০০-এর ১০ ধারার আওতায় বিচার হবে।
হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের মামলাগুলোর প্রসিকিউশন কার্যক্রম আরও কার্যকর করতে আইন মন্ত্রণালয় বিশেষ একটি কমিটি গঠন করেছে। আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটি তিনটি মূল কাজ করবে- জুলাই অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাসহ গুরুতর অপরাধের সব মামলার পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা, যেখানে প্রতিটি মামলার বর্তমান অবস্থা উল্লেখ থাকবে। অভিযোগপত্র দাখিল করা মামলাগুলোর (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ব্যতীত) প্রসিকিউশন কার্যক্রমে যেসব সমস্যা রয়েছে, তা চিহ্নিত করা। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সুপারিশ সরকারকে প্রদান করা এবং ভুক্তভোগী পরিবারসহ দেশবাসীকে সময়ে সময়ে অগ্রগতি সম্পর্কে অবহিত করা।
আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই পদক্ষেপের লক্ষ্য হলো বিচার প্রক্রিয়া দ্রুততর করা, ভুক্তভোগী পরিবারের আস্থা পুনঃস্থাপন করা এবং জুলাই অভ্যুত্থানকালীন সহিংসতার ঘটনায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা।







































