
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা
বাংলাদেশিদের জন্য ব্যবসায়িক ভিসা ইস্যুর কার্যক্রম আবারও শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি জানান, জরুরি প্রয়োজনের আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত প্রক্রিয়ায় সম্পন্ন করা হচ্ছে।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন চত্বরে আয়োজিত ‘ফার্মা কানেক্ট’ নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময় অনুষ্ঠানে হাইকমিশনার এসব তথ্য জানান।
প্রণয় ভার্মা বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সক্ষমতার সীমাবদ্ধতার কারণে কিছু ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। তবে এখন সীমিত কর্মী দিয়েই প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক ভিসা ইস্যুর কাজ পুনরায় শুরু হয়েছে।”
তিনি আরও জানান, “ব্যবসায়িক ভিসা আবার ইস্যু করা হচ্ছে। জরুরি ভিসা আবেদনগুলো আমরা দ্রুত প্রক্রিয়ায় সম্পন্ন করার চেষ্টা করছি।” প্রয়োজনে আবেদনকারীরা হাইকমিশনের অর্থনৈতিক ও বাণিজ্য সচিবের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে সুবিধা পাবেন বলেও তিনি উল্লেখ করেন।
ভারতের অন্যতম বৃহৎ ফার্মাসিউটিক্যাল প্রদর্শনী সিপিএইচআই–পিএমইসি ইন্ডিয়া ২০২৫-এ বাংলাদেশের অংশগ্রহণ সামনে রেখে এ ‘ফার্মা কানেক্ট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী ২৫–২৭ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক মেলা।





































