মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২০ নভেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
শেয়ার

চাকরি হারালেন ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট


jonoproshashon montronaloy

একই দিনে ৪৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) কে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এহছানুল হক সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন—অনুপ কুমার বিশ্বাস (বগুড়া), নবমিতা সরকার (পিরোজপুর) ও কাজী আরিফুর রহমান (ফরিদপুর)। তারা প্রত্যেকে নিজ নিজ কর্মস্থলে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করলেও বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই তিন কর্মকর্তার বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে বুধবার। অর্থাৎ প্রশিক্ষণ থেকে বিদায়ের দিনেই তাদের চাকরি থেকেও বিদায় দেওয়া হয়েছে।

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪৩তম ব্যাচের এ শিক্ষানবিশ সহকারী কমিশনারদের সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সরকারি চাকরিকালীন সময়ে তাদের কাছে কোনো প্রকার আর্থিক পাওনা থাকলে ‘দ্যা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩’ অনুযায়ী তা আদায়যোগ্য হবে।

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) বলা হয়েছে, ‘শিক্ষানবীশ মেয়াদ চলাকালে কোনো শিক্ষানবীশের সংশ্লিষ্ট চাকরিতে বহাল থাকার অযোগ্য হিসেবে বিবেচিত হলে কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ ছাড়াই সরকার সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগের অবসান করতে পারবে।’

যদিও এই তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কেন চাকরিচ্যুত করা হয়েছে, তা খোলাসা করেনি জনপ্রশাসন মন্ত্রণালয়। এমনকি তাদের কারণ দর্শানো কোনো নোটিশও দেওয়া হয়নি বলে অভিযোগ।