
অভিনেত্রী নিধি আগরওয়ালের পর এবার হায়দরাবাদের এক অনুষ্ঠানে ভক্তদের চাপে বিপাকে পড়লেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। ইন্টারনেটে ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে- সিল্কের শাড়ি পরিহিত সামান্থা মঞ্চ থেকে গাড়ির দিকে যাচ্ছেন, আর চারপাশে উপচে পড়া মানুষের ভিড়। নিরাপত্তারক্ষীরা ঘিরে রাখলেও সামান্থাকে সামলাতে বেগ পেতে হয় তাদের।
রবিবার হায়দরাবাদের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামান্থা। অনুষ্ঠান শেষে মঞ্চ ছাড়ার সময় বিশাল জনসমাগম তাকে ঘিরে ফেলে। চারদিকে শুধু পুরুষ ভক্তদের ভিড়- এমন মন্তব্যই শোনা যায় ভিডিওতে। সামান্থার মুখে হাসি থাকলেও স্পষ্ট দেখা যায়, ভিড়ের চাপ সামলাতে তার কষ্ট হচ্ছে।
এর আগে, কয়েক দিন আগে ‘দ্য রাজা সাব’ সিনেমার গান প্রকাশ অনুষ্ঠানে অভিনেত্রী নিধি আগরওয়ালও একইভাবে জনতার চাপে বিপাকে পড়েছিলেন। ঘটনার পুনরাবৃত্তিতে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
রেডিট ও ইনস্টাগ্রামে ভিডিও ছড়িয়ে পড়তেই অনেকে ক্ষোভ প্রকাশ করেন। মন্তব্যে উঠে আসে সাধারণ মানুষের অযথা উত্তেজনা ও সীমারেখা না মানার অভিযোগ। একজন লেখেন, “দুঃখজনক।” আরেকজনের প্রশ্ন- “‘রাজা সাব’ ঘটনার পরও কেন ভক্তরা নিজেদের সীমা বোঝেন না?”
আরও মন্তব্যে বলা হয়- দক্ষিণে তারকাদের প্রতি অতিরিক্ত ভক্তি ও উন্মাদনা বহুবার বিপজ্জনক পরিস্থিতির জন্ম দিয়েছে। কেউ কেউ স্মরণ করিয়ে দেন- হায়দরাবাদে আল্লু অর্জুন, ব্যাঙ্গালুরুতে বিরাট কোহলি ও আরসিবি, তামিলনাড়ুতে বিজয়ের র্যালি- বহু ঘটনায় ভিড়ের চাপ প্রাণঘাতী হয়েছে।
১ ডিসেম্বর ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে মালা বদল করেন সামান্থা। ইশা ফাউন্ডেশন, কোয়ম্বাতুরে লিঙ্গা ভৈরবী রীতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে খবর নিশ্চিত করেন সামান্থা।
বর্তমানে ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ ওটিটি সিরিজে কাজ করছেন সামান্থা। রাজ ও ডিকের পরিচালনায় নির্মিত এই সিরিজে আরও আছেন আদিত্য রয় কাপুর, আলি ফজল, ওয়ামিকা গাব্বি ও জয়দীপ আহলাওয়াত। নির্মাণাধীন সিরিজটি প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৬ সালে।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া








































