রবিবার । মার্চ ২২, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
শেয়ার

অস্ত্রোপচার শেষ করেই শুটিং সেটে ইমরান হাশমি 


Imran

ইমরান হাশমি

কাজের প্রতি নিষ্ঠা ও পেশাদারিত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। পেটে জটিল অস্ত্রোপচারের পর দীর্ঘ বিশ্রামে না গিয়ে অনেকটা অদম্য মানসিকতা নিয়েই শুটিং ফিরেছেন তিনি। 

বর্তমানে রাজস্থানে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আওয়ারাপন-২’ এর দৃশ্যধারণে অংশ নিচ্ছেন এই বলিউডি তারকা। মূলত এই সিনেমারই একটি হাই-অকটেন অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছিলেন ইমরান। সেই দৃশ্যের কাজ চলাকালীন তার পেটের টিস্যু ছিঁড়ে যাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয় এবং জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

সাধারণত এমন গুরুতর শারীরিক পরিস্থিতিতে যেকোনো অভিনেতা দীর্ঘ মেয়াদে বিশ্রামের সিদ্ধান্ত নেন। কিন্তু ছবির প্রতি দায়বদ্ধতা, নিজের চরিত্র এবং দর্শকদের কথা মাথায় রেখে প্রত্যাশার অনেক আগেই শুটিং সেটে ফেরার সাহসী সিদ্ধান্ত নেন ইমরান হাশমি। বর্তমানে রাজস্থানে শুটিং শুরু হলেও চিকিৎসকদের পরামর্শ মেনে তার চলাফেরা ও অ্যাকশন মুভমেন্ট বেশ সীমিত রাখা হয়েছে। অভিনেতার স্বাস্থ্যের কথা বিবেচনা করে শুটিং শিডিউলেও বিশেষ পরিবর্তন এনেছে নির্মাতা পক্ষ, যাতে কোনো ধরনের শারীরিক ঝুঁকি ছাড়াই ছবির কাজ এগিয়ে নেওয়া যায়।

পুরো শুটিং প্রক্রিয়াটি এখন কড়া চিকিৎসা তত্ত্বাবধানে পরিচালনা করা হচ্ছে। অসুস্থতা কাটিয়ে কাজে ফেরার এই অদম্য স্পৃহা শুটিং ইউনিটের সকল সদস্যকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে।

টিমের সদস্যরা ইমরানের এই নিষ্ঠা ও একাগ্রতায় রীতিমতো মুগ্ধ। এদিকে প্রিয় অভিনেতার এমন শক্তিশালী প্রত্যাবর্তনের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগী ও সহকর্মীরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন এবং তার দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করছেন।