রবিবার । মার্চ ২২, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
শেয়ার

ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স: জন্মদিনে সালমানের নতুন রূপ 


Battle of Galwan

‘ব্যাটল অব গালওয়ান’ ছবির প্রথম ঝলকে সালমান

বলিউড সুপারস্টার সালমান খানের অনুরাগীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। সম্প্রতি ‘ব্যাটল অব গালওয়ান’ ছবির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই ভাইজানের নতুন রূপ দেখে চমকে গিয়েছিল নেটপাড়া। কপাল ফেটে রক্ত ঝরছে, হাতে শক্ত করে ধরা মুগুর—এমন এক ক্ষতবিক্ষত কিন্তু অদম্য দৃঢ় চেহারায় সালমানকে দেখে ভক্তদের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। 

সেই উত্তেজনার পালে নতুন হাওয়া দিয়ে শোনা যাচ্ছে, আগামী ২৭ ডিসেম্বর সালমানের জন্মদিনেই প্রকাশ পেতে চলেছে এই ছবির পরবর্তী বড় কোনো ঝলক। সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী, নির্মাতারা বেশ কিছুদিন ধরেই জন্মদিনের এই বিশেষ উপহারটি তৈরির কাজে ব্যস্ত রয়েছেন। তাদের মতে, প্রিয় তারকার জন্মদিনের চেয়ে এই ধামাকা প্রকাশের জন্য আর কোনো উপযুক্ত সময় হতে পারে না।

গেল কিছু সময় সালমানের জন্য খুব একটা সুখকর ছিল না। চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া তার ‘সিকান্দার’ ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পাশাপাশি পাইরেসির কবলে পড়ে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছিল। এর সাথে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ক্রমাগত হুমকি অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবনে এক প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করেছিল। তবে সকল বাধা ও বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে অত্যন্ত গোপনীয়তা আর একাগ্রতার সাথে ‘ব্যাটল অব গালওয়ান’-এর কাজ চালিয়ে গেছেন ভাইজান। নির্মাতাদের দাবি, এই ছবিতে সালমানকে যে অচেনা ও চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে, তা তার ক্যারিয়ারের আগের সব রেকর্ড ভেঙে দিতে পারে। 

একের পর এক ব্যর্থতা আর হুমকির মুখে থমকে না দাঁড়িয়ে অদম্য সাহসে সালমানের এই কামব্যাক ঘিরে এখন ভক্তদের প্রত্যাশা আকাশছোঁয়া। সবাই এখন মুখিয়ে আছেন ২৭ ডিসেম্বরের দিকে, যখন পর্দার গালওয়ান যুদ্ধে আবারও নিজের রাজত্ব পুনরুদ্ধার করবেন বলিউডের এই সুলতান।