রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৫ ডিসেম্বর ২০২৫, ৮:০৮ পূর্বাহ্ন
শেয়ার

একসঙ্গে সময় কাটাতে ছুটিতে বিজয়-রাশমিকা!


Vijoy-Rashmika

ক্রিসমাসের আগে ছুটির মুডে ধরা পড়লেন দক্ষিণী তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বুধবার সকালে হায়দরাবাদ ছাড়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েন তারা। সংশ্লিষ্ট সূত্র জানায়, বড়দিন ও নববর্ষ একসঙ্গে কাটাতেই ছুটিতে যাচ্ছেন এই তারকা যুগল।

শহর ছাড়ার সময় বিজয়কে দেখা যায় ধূসর রঙের সোয়েটশার্টে স্টাইলিশ লুকে, আর রাশমিকা ছিলেন আরামদায়ক মনোক্রোম পোশাকে- কোমরে বাঁধা ছিল একটি সোয়েটশার্ট। দু’জনেই মুখে মাস্ক পরে ছিলেন এবং তাদের সঙ্গে কয়েকজন টিম মেম্বারও ছিলেন। ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তরা ভালোবাসায় ভাসান ‘অ্যাডোরেবল কাপল’ বলে মন্তব্য করে।

Rashmika-Vijoy

এদিকে ইনস্টাগ্রাম স্টোরিতে বিমানবন্দরের একটি ছবি শেয়ার করেন বিজয়। ছবিতে দেখা যায়, পোলারয়েড ক্যামেরায় তোলা বিজয়ের ছবি হাতে রাশমিকা। ক্যাপশনে বিজয় লেখেন, “একটা পাগলাটে, ভীষণ ব্যস্ত কয়েকটা মাসের পর… এখন ছুটির সময়।”

উল্লেখ্য, ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমার শুটিংয়ে প্রথম পরিচয় হয় বিজয় ও রাশমিকার। এরপর ‘ডিয়ার কমরেড’-এও একসঙ্গে কাজ করেন তারা। ২০২০ সাল থেকে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। গণমাধ্যমের খবরে বলা হয়, ২০২৫ সালের অক্টোবরে তারা বাগদান সেরেছেন এবং আগামী বছর বিয়ের পরিকল্পনা রয়েছে। তবে এখনো পর্যন্ত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই তারকা জুটি।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া