
হলিউড অভিনেত্রী ও ব্রডওয়ের জনপ্রিয় নাটক ‘দ্য লায়ন কিং’-এর শিশুশিল্পী ইমানি ডিয়া স্মিথ মারা গেছেন। পুলিশ জানিয়েছে, গত ২১ ডিসেম্বর নিউ জার্সিতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ২৫ বছর।
পুলিশ সূত্রে জানা গেছে, ২১ ডিসেম্বর ফোন পেয়ে ইমানির নিউ জার্সির বাসায় গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁকে রবার্ট উড জনসন ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইমানির প্রেমিক জর্ডন ডি জ্যাকসন-স্মলের ছুরির আঘাতেই এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই পুলিশ জর্ডনকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, দুজন একে অপরের পরিচিত ছিলেন। ইমানির তিন বছরের একটি সন্তান রয়েছে।
ইমানির পরিবারকে সহায়তা করতে অন্ত্যেষ্টিক্রিয়া ও অন্যান্য খরচ নির্বাহের জন্য তহবিল সংগ্রহ শুরু করা হয়েছে। এতে ইতোমধ্যে ৪৬ হাজার ডলারের বেশি অনুদান জমা পড়েছে।
ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র অবলম্বনে নির্মিত ব্রডওয়ের নাটক ‘দ্য লায়ন কিং’-এ ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন ইমানি। আইএমডিবির তথ্যমতে, তিনি ২০১০ সাল থেকে ২৫টির বেশি চলচ্চিত্র ও টেলিভিশন শোতে হেয়ারস্টাইলিস্ট হিসেবেও কাজ করেছেন।
ইমানির মৃত্যুর খবরে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: পিপলডটকম








































