
প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন উপলক্ষে ২০২৫ সালের ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার’ ঘোষণা করা হয়েছে। এ বছর এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কথাসাহিত্যিক আনিসুর রহমান এবং সুব্রত বড়ুয়া। প্রতিবছর বাংলা একাডেমি প্রবর্তিত এই পুরস্কারটি দুজন লেখককে প্রদান করা হয়।
এবার ‘সিসিফাস শ্রম’ গল্পগ্রন্থটির জন্য কথাসাহিত্যিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন আনিসুর রহমান। অন্যদিকে, কথাসাহিত্যে তাঁর দীর্ঘ ও সামগ্রিক অবদানের মূল্যায়নে এই সম্মাননা প্রদান করা হয় প্রবীণ লেখক সুব্রত বড়ুয়াকে।
২৭ ডিসেম্বর (শনিবার) কথাশিল্পী রাবেয়া খাতুনের জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেশের বিশিষ্ট লেখক ও প্রকাশকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান কবি রেজাউদ্দিন স্টালিন, প্রকৃতিবিদ মুকিত মজুমদার বাবু, রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী, অন্যপ্রকাশের প্রকাশক মাজহারুল ইসলাম এবং লেখক মোজাফফর হোসেনসহ আরও অনেকে।
বরেণ্য এই সাহিত্যিকের স্মৃতিকে অমলিন রাখতে প্রতিবছরের মতো এবারও রাবেয়া খাতুন স্মৃতি পরিষদ এবং রাবেয়া খাতুন ফাউন্ডেশন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটির শুরুতেই সকালে লেখকের কবর জিয়ারত এবং তাঁর দুটি অনুবাদ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সূচনা হয়। জন্মদিনের এই বিশেষ আয়োজনটি কেবল পুরস্কার বিতরণের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বিকেলের অধিবেশনে রাবেয়া খাতুন ফাউন্ডেশনে আয়োজিত হয় লেখকের গল্প থেকে পাঠের আসর। সেখানে রাবেয়া খাতুনের কালজয়ী সব গল্প পাঠ করে শোনান কথাশিল্পী ইমদাদুল হক মিলন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন, আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা, অভিনেত্রী ত্রপা মজুমদার, লেখক মোজাফফর হোসেন ও স্বকৃত নোমানসহ দেশের শীর্ষস্থানীয় সাহিত্য ও সংস্কৃতি কর্মীরা।
গুণী এই সাহিত্যিকের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানটি দেশের সাহিত্যিক মহলে এক মিলনমেলায় পরিণত হয়।








































