টাঙ্গাইলের মধুপুর গড়ের লাল মাটির সতেজ আনারস আর সাধারণ এক কৃষকের স্বপ্নপূরণের গল্প নিয়ে মঞ্চে আসছে নতুন নাটক ‘আনারসের ঢাকা সফর’। আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির দুটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ঢাকা লিটল অপেরার প্রথম প্রযোজনা হিসেবে এই নাটকটি মঞ্চস্থ হবে বিকেল ৫টায় এবং সন্ধ্যা ৭টায়।
নাটকটির গল্প গড়ে উঠেছে মধুপুরের একটি আনারস বাগানকে কেন্দ্র করে। যেখানে কোনো রাসায়নিক সার ছাড়াই প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে রসালো আনারস। বাগানের নিবিড় প্রকৃতিতে শেয়াল, কোকিল, কাক, ইঁদুর আর বিড়ালের খুনসুটি ও দুষ্টুমির মধ্য দিয়ে গল্পের সূচনা হয়। তবে গল্পের মূল মোড় ঘোরে যখন আনারসগুলো মানুষের পুষ্টির প্রয়োজনে নিজেদের আজন্ম চেনা বাগান ছেড়ে ঢাকা সফরের প্রস্তুতি নেয়। মানুষের কল্যাণে এই ত্যাগই আনারসের জীবনের অন্যতম সার্থকতা হিসেবে নাটকটিতে ফুটিয়ে তোলা হয়েছে।
পিক-আপে চড়ে ঢাকার কারওয়ান বাজারে এসে পৌঁছানোর পর নাগরিক ব্যস্ততা এবং দেশি-বিদেশি নানা ফলের সঙ্গে আনারসগুলোর এক চমৎকার মেলবন্ধন তৈরি হয়। আনারস বিক্রির মাধ্যমে কৃষক ফুলগাজি কীভাবে তার জীবনের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করে এবং সংগ্রামের পথে এগিয়ে চলে, তা অত্যন্ত প্রাণবন্তভাবে নাটকটিতে উপস্থাপিত হয়েছে। গল্পের শেষে দেখা যায়, সব আনারস বিক্রি হয়ে গেলেও দুটি আনারস আবারও মধুপুরে ফিরে আসে। এই ফিরে আসা যেন মানুষের নিজের শেকড়ে ফেরারই এক প্রতীকী রূপ। সেই ফিরে আসা আনারসের মুকুট থেকেই কৃষক ফুলগাজি আবার নতুন বাগানের স্বপ্ন বোনেন।
আনজীর লিটনের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন মনামী ইসলাম কনক এবং সহযোগী নির্দেশনায় রয়েছেন মনিরুজ্জামান রিপন। গত ৯ অক্টোবর ২০২৫ যাত্রা শুরু করা ‘ঢাকা লিটল অপেরা’ শিশুদের সাংস্কৃতিক ও নান্দনিক বিকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে। নাটক, আবৃত্তি, নৃত্য ও বাচিক শিল্পের মাধ্যমে শিশুদের সরাসরি মঞ্চে তুলে ধরাই এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। ‘আনারসের ঢাকা সফর’ প্রযোজনার মাধ্যমে শিশুদের সৃজনশীল দৃষ্টিভঙ্গিকে নতুনভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।








































