
বলিউড তারকা কৃতি শ্যানন
বলিউড তারকা কৃতি শ্যাননের ক্যারিয়ারের শুরুর দিকের একটি পুরোনো অডিশন ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নতুন কোনো সিনেমার খবর নয় বরং মাত্র ২২ বছর বয়সী কৃতির সেই সংগ্রামের দিনগুলোর এক ঝলক দেখে মুগ্ধ হচ্ছেন নেটিজেনরা।
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, সাদা রঙের অফ-শোল্ডার পোশাকে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে নিজের পরিচয় দিচ্ছেন কৃতি। অডিশন চলাকালীন একটি নাটকীয় উদ্ধার দৃশ্যে তার অভিনয় দক্ষতা এবং একই সঙ্গে নিজের নীতিতে অটল থাকার বিষয়টি সবার নজর কেড়েছে। বিশেষ করে ভিডিওর একপর্যায়ে তিনি যখন স্পষ্ট করে জানান যে ‘টু-পিস’ পোশাকে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তখন তার সেই সাহসিকতা ও সুরুচিবোধ প্রশংসিত হচ্ছে।
কৃতি শ্যাননের এই ভাইরাল অডিশন টেপটি কেন্দ্র করে বলিউডের অডিশন সংস্কৃতি ও স্বজনপ্রীতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভিডিওটি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা কৃতির পরিশ্রম এবং সংগ্রামের প্রশংসা করছেন। অনেকেই বর্তমান সময়ের তারকা-সন্তান বা ‘নেপো-কিড’দের সঙ্গে কৃতির তুলনা টেনে কৌতুকপূর্ণ ও তীক্ষ্ণ মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, আজকের দিনের তারকা-সন্তানদের তো অডিশনের ঝক্কিই পোহাতে হয় না, তারা অডিশন বলতে শুধু অডি গাড়িটাই চেনেন। আবার অনেকের মতে, আউটসাইডার হিসেবে নিজের মেধা ও চেষ্টার মাধ্যমেই কৃতি আজকের এই অবস্থানে পৌঁছেছেন, যার প্রমাণ তার এই পুরনো অডিশন ভিডিওটি।
ভিডিওটিতে ফুটে উঠেছে এক তরুণীর স্বপ্ন ছোঁয়ার লড়াই, যেখানে তিনি শারীরিকভাবে চ্যালেঞ্জিং দৃশ্যে অভিনয় করতে রাজী থাকলেও নিজের ব্যক্তিগত পছন্দ ও অস্বস্তির জায়গাটি স্পষ্টভাবে তুলে ধরেছেন। অডিশনে ডুবে যাওয়ার মতো একটি কঠিন পরিস্থিতি যেভাবে তিনি ফুটিয়ে তুলেছেন, তা কৃতির অভিনয় প্রতিভার আগাম আভাস দিচ্ছিল।
এই ভিডিওটি নতুন করে মনে করিয়ে দিচ্ছে যে, বলিউডে স্বজনপ্রীতির ভিড়েও কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস নিয়ে লড়ে গেলে নিজের জায়গা করে নেওয়া সম্ভব। কৃতি শ্যাননের সেই শুরুর দিনগুলোর এই ভিডিওটি এখন অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।








































