
বলিউডের আইকনিক ফ্র্যাঞ্চাইজি ‘ডন’-এর তৃতীয় কিস্তি নিয়ে উত্তেজনার পারদ যেন নামছেই না। রণবীর সিং প্রজেক্টটি থেকে সরে দাঁড়ানোর পর থেকেই ভক্তদের মনে একটাই প্রশ্ন ছিল – কে হচ্ছেন পরবর্তী ‘ডন’? সেই জল্পনার আগুনে নতুন করে ঘি ঢেলেছে হৃত্বিক রোশনের নাম।
বলিপাড়ার অন্দরমহলে কান পাতলেই এখন শোনা যাচ্ছে, রণবীরের ছেড়ে যাওয়া জুতোয় পা গলাতে পারেন বলিউডের ‘গ্রিক গড’ হৃত্বিক রোশন। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক সিলমোহর পড়েনি, তবে হৃত্বিককে ঘিরে এই গুঞ্জন এখন টক অফ দ্য টাউন।
হৃত্বিক রোশন এবং ‘ডন’-এর রসায়ন কিন্তু একেবারেই নতুন নয়। দর্শকদের নিশ্চয়ই মনে আছে ‘ডন ২’-এর সেই রোমাঞ্চকর দৃশ্যটি, যেখানে শাহরুখ খানের ছদ্মবেশে এক ক্যামিও চরিত্রে হাজির হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন হৃত্বিক। সেই স্বল্প সময়ের উপস্থিতিতেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন, এই আইকনিক চরিত্রের আভিজাত্য বহনে তিনি কতটা সক্ষম। হয়তো সেই রেশ ধরেই এবার ফারহান আখতার ও তাঁর টিম পুরোপুরি হৃত্বিককেই ডন হিসেবে ভাবছেন। শোনা যাচ্ছে, প্রাথমিক স্তরের আলোচনাও নাকি শুরু হয়ে গেছে।
সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, বহু বছর আগে এক সাক্ষাৎকারে খোদ ফারহান আখতার স্বীকার করেছিলেন যে, ‘ডন’ হিসেবে তাঁর প্রথম পছন্দ শাহরুখ খান ছিলেন না, ছিলেন হৃত্বিক রোশন। কাকতালীয়ভাবে হোক বা সময়ের দাবি মেনে, দীর্ঘ দেড় দশক পর সেই পুরনো ইচ্ছাই হয়তো বাস্তবে রূপ নিতে যাচ্ছে। শাহরুখের উত্তরসূরি হিসেবে একজন ভার্সেটাইল এবং বড় মাপের তারকা খুঁজছিলেন ফারহান, আর হৃত্বিকের চেয়ে যোগ্য নাম এই মুহূর্তে খুব কমই আছে।
যদিও পুরো বিষয়টি নিয়ে হৃত্বিক কিংবা ফারহান কেউই মুখ খোলেননি, তবে নেটপাড়ায় হৃত্বিক ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। ডন এর মতো একটি কাল্ট চরিত্রের জন্য হৃত্বিকের স্টাইল, অ্যাকশন আর ব্যক্তিত্ব যে একদম যথাযথ হবে, তা নিয়ে দ্বিমত নেই কারো। এখন প্রশ্ন হলো, হৃত্বিক কি সত্যিই এই মেগাবাজেট প্রজেক্টে সই করবেন? নাকি ফারহানের টিমে যোগ হবে অন্য কোনো চমক? উত্তরটা জানতে আপাতত সময়ের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে দর্শকদের।








































