
বলিউডে বড় চমক নিয়ে আসছে জনপ্রিয় সামাজিক কমেডি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ও মাই গড ৩’। এই ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে পর্দা ভাগ করবেন অক্ষয় কুমার ও রানী মুখার্জি। ইতোমধ্যেই এই কাস্টিংকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সংযোজন হিসেবে দেখছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
অক্ষয় কুমার আগের দুটি ছবি- ‘ওএমজি – ও মাই গড!’ (২০১২) ও ‘ওএমজি ২’ (২০২৩)-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। তৃতীয় কিস্তিতেও তিনি থাকছেন, আর তার সঙ্গে রানী মুখার্জি যুক্ত হওয়ায় ছবির পরিসর ও গুরুত্ব আরও বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একটি সূত্র।
পরিচালক হিসেবে ‘ওএমজি ২’-এর নির্মাতা অমিত রাই ফ্র্যাঞ্চাইজিটিকে এগিয়ে নিচ্ছেন। সূত্রের ভাষ্য অনুযায়ী, ‘ওএমজি ৩’-এর গল্প আগের ছবিগুলোর তুলনায় আরও বড়, সময়োপযোগী ও প্রভাবশালী। অক্ষয় কুমার শুরু থেকেই চেয়েছিলেন, গল্প, আবেগ ও অভিনয়- সব দিকেই এই কিস্তিটি যেন আরও উচ্চমাত্রায় পৌঁছায়। রানী মুখার্জির অন্তর্ভুক্তি সেই লক্ষ্য বাস্তবায়নে বড় ভূমিকা রাখছে।
বর্তমানে ছবিটি প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের মাঝামাঝি শুটিং শুরু হবে।
উল্লেখ্য, ‘ওএমজি’ ফ্র্যাঞ্চাইজি হিন্দি সিনেমায় সামাজিক বার্তাকে বিনোদনের সঙ্গে সফলভাবে উপস্থাপন করেছে। প্রথম ছবিতে ঈশ্বরকে আদালতে তোলার সাহসী গল্প দর্শকের নজর কাড়ে, আর দ্বিতীয় ছবিতে স্কুলে যৌনশিক্ষার মতো সংবেদনশীল বিষয় তুলে ধরে ব্যাপক সাড়া ফেলে। তৃতীয় কিস্তিতে সেই ধারাবাহিকতাই আরও বিস্তৃত আকারে দেখা যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া














































