
২০২২ সালে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমায় ‘গুলতি’ চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন নাজিফা তুষি। তবে সেই আকাশচুম্বী সাফল্যের পর দীর্ঘ সময় বড় পর্দায় তার অনুপস্থিতি নিয়ে ভক্তদের মনে জমা হয়েছিল পাহাড় সমান কৌতূহল। সেই আক্ষেপ ঘুচিয়ে ২০২৬ সালকে নিজের করে নিতে প্রস্তুত এই লাক্স তারকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তুষি জানিয়েছেন, পর্দায় দেখা না গেলেও পর্দার আড়ালে গত তিন বছর তিনি টানা সিনেমার কাজ করে গেছেন এবং এখন তার ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন।
দীর্ঘ বিরতির কারণ ব্যাখ্যা করে তুষি জানান, ভালো কাজের অপেক্ষায় তিনি সবসময়ই একটু রয়ে-সয়ে পথ চলেন। তবে গত তিন বছরে তিনি বেশ কিছু মানসম্মত ছবির শুটিং শেষ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আব্দুল্লাহ মুহাম্মদ সাদের নাম ঠিক না হওয়া একটি সিনেমা, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ এবং রায়হান রাফীর ভৌতিক ঘরানার সিনেমা ‘আন্ধার’। এছাড়া মার্চ মাস থেকে তিনি এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’ সিনেমার শুটিং শুরু করবেন। এর বাইরেও আরও একটি বড় প্রজেক্টের কাজ তাঁর হাতে রয়েছে, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
আলোচিত সিনেমা ‘রইদ’ ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে সাড়া ফেলেছে। নেদারল্যান্ডসের রটারড্যাম উৎসবের সম্মানজনক ‘টাইগার কম্পিটিশন’ বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি। সম্প্রতি প্রকাশিত ট্রেলারে তুষির নতুন রূপ নজর কেড়েছে সবার। এই সিনেমায় তাঁর চরিত্রের কোনো নাম নেই, তিনি কেবলই ‘সাদুর বউ’। নারীর চিরন্তন পরিচয়হীনতার প্রতীকী রূপ হিসেবে এই নামহীন চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন নির্মাতা।
অন্যদিকে ‘আন্ধার’ সিনেমায় তুষিকে দেখা যাবে ‘নাদিয়া’ চরিত্রে এবং ‘সখী রঙ্গমালা’য় তিনি হাজির হবেন নাম ভূমিকায়।
গ্ল্যামারাস ইমেজের তোয়াক্কা না করে বারবার নিজেকে ভেঙে ভিন্নধর্মী চরিত্রে উপস্থাপন করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তুষি। তাঁর মতে, অভিনয়ের মাধ্যমে অন্য জীবনকে খুঁজে পাওয়া এবং সেই চরিত্রের গভীরে ঢুকে যাওয়াই একজন প্রকৃত শিল্পীর সার্থকতা। গ্ল্যামার থাকা বা না থাকা নিয়ে তাঁর কোনো মাথাব্যথা নেই বরং চরিত্রটি কতটা নিখুঁতভাবে ধারণ করতে পারছেন সেটিই তাঁর কাছে মুখ্য।
এ বছর একের পর এক সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে তাঁর। দর্শকদের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করেই আগামীর পথচলা এবং নতুন নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন এই অভিনেত্রী।








































