রবিবার । মার্চ ১৫, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৮ জানুয়ারি ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শেয়ার

ইতিহাস গড়া জয়ে সুপার কাপের ফাইনালে বার্সেলোনা


barsa

জোড়া গোল করেন রাফিনহা। ছবি: রয়টার্স

সৌদি আরবের মাটিতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে নতুন ইতিহাস গড়ল বার্সেলোনা। বুধবার (৭ জানুয়ারি) রাতে অ্যাথলেটিক বিলবাওকে ৫–০ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ে ফাইনালে নাম লেখাল কাতালানরা।

আক্রমণ, গতি আর পজিশনাল ফুটবলের দুর্দান্ত প্রদর্শনীতে পুরো ম্যাচজুড়ে আর্নেস্তো ভালভার্দের বিলবাওকে কোনো পাত্তাই দেয়নি হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এই বিশাল জয়ে শিরোপা ধরে রাখার মিশনে প্রতিপক্ষকে কড়া বার্তাই দিয়ে রাখল বার্সা।

ম্যাচে বার্সেলোনার হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। এছাড়া জালের দেখা পান ফেরান তোরেস, ফেরমিন লোপেজ ও রুনি বার্ডঘজি। পরিসংখ্যানেও ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে; কারণ অপ্টার তথ্য অনুযায়ী, স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে এর আগে কখনো কোনো দল এক ম্যাচে এত বড় ব্যবধানে জয় পায়নি। পাশাপাশি ২০১০-১১ মৌসুমের পর এই প্রথম কোনো সুপার কাপ ম্যাচে তিনজন ভিন্ন খেলোয়াড় প্রত্যেকে তিনটি করে গোলে অবদান রাখলেন।

দলের হয়ে ফেরমিন লোপেজ ১টি গোল ও ২টি অ্যাসিস্ট করেন। রাফিনহা জোড়া গোলের পাশাপাশি ১টি গোলে সহায়তা করেন এবং রুনি বার্ডঘজিও ১টি গোল ও ২টি অ্যাসিস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দাপুটে এই জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করা বার্সেলোনা আগামী রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ বনাম অ্যাতলেতিকো মাদ্রিদ জয়ী দল।