বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৯ জানুয়ারি ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
শেয়ার

ফ্রান্স সুপার কাপে চ্যাম্পিয়ন পিএসজি


PSG
ম্যাচের শেষ মুহূর্তে আত্মঘাতী গোলের ধাক্কা সামলেও নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে ফ্রান্স সুপার কাপ জিতেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারিয়ে ট্রফি দেস চ্যাম্পিয়ন জেতে লুইস এনরিকের দল।

বৃহস্পতিবার কুয়েতের জাবের আল আহমেদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৩ মিনিটে উসমান ডেম্বেলের গোলে এগিয়ে যায় পিএসজি। তবে ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মার্সেইকে সমতায় ফেরান ম্যাসন গ্রিনউড।

ম্যাচের একেবারে শেষ দিকে পিএসজির ফ্রান্স ডিফেন্ডার উইলিয়াম পাচোর আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মার্সেই। এতে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় তারা।

কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পর্তুগিজ ফরোয়ার্ড গঞ্জালো রামোস গোল করে পিএসজিকে ২-২ সমতায় ফেরান। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে পিএসজির হয়ে রামোস ও ভিতিনহা প্রথম দুই শটে গোল করেন। বিপরীতে মার্সেই প্রথম দুই শটই মিস করে। তৃতীয় শটে দুই দলই গোল করলেও পিএসজির চতুর্থ শট সফল হওয়ায় মার্সেই আর ফিরতে পারেনি।

এই জয়ে নাটকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে ফ্রান্স সুপার কাপের শিরোপা নিজেদের করে নেয় পিএসজি।