
শিশু হুজাইফা আফনান। পুরোনো ছবি
মায়ানমার থেকে ছোড়া গুলিতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ৯ বছর বয়সী শিশু হুজাইফা আফনান এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। রোববার (১১ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে টেকনাফ থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে।
চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুনুর রশিদ জানান, “শিশু হুজাইফার মুখের ডান পাশে গুলি ঢুকে মাথায় বিদ্ধ হয়েছে। সিটি স্ক্যানের পর জানা যাবে গুলি বেরিয়েছে কি না। ভর্তির পর থেকে সে লাইফ সাপোর্টে রয়েছে। চিকিৎসা অব্যাহত আছে, অবস্থা আশঙ্কাজনক।”
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে টেকনাফ থানাধীন হোয়াইক্যাং তেচ্ছাব্রিজ এলাকায় মায়ানমারের সন্ত্রাসীদের গুলিতে আহত হয় হুজাইফা। সে লম্বাবিল হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
হুজাইফার চাচা শওকত আলী জানান, আহত শিশুকে দ্রুত চিকিৎসার জন্য অ্যাম্বুল্যান্সে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালে পৌঁছালে পৌনে ৫টা থেকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। বর্তমানে আইসিইউ ২-এর ২৭ নং শয্যায় চিকিৎসাধীন।
এর আগে প্রাথমিকভাবে পুলিশের এক সূত্র হুজাইফার মৃত্যুর খবর দেয়, কিন্তু পরে হোয়াইক্যাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজালাল বিষয়টি ভুল দাবি হিসেবে উড়িয়ে দেন।
এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করেন।












































