
অপু বিশ্বাস
বিরতি কাটিয়ে আবারও ব্যস্ত কাজে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি নতুন সিনেমার ঘোষণা দেওয়ার পর আব্দুন নূর সজলের সঙ্গে জুটি বেঁধে থ্রিলার ছবি ‘দুর্বার’-এর শুটিং শুরু করেছেন তিনি।
এর পাশাপাশি প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে অপু বিশ্বাসের। থ্রিলার ঘরানার ওয়েব ফিল্ম ‘শিকার’-এ অভিনয় করবেন তিনি। ছবিটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান, যিনি এর আগে ‘জ্বীন ৩’ নির্মাণ করেছেন। নির্মাতার সঙ্গে ইতোমধ্যে অপু বিশ্বাসের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।
ওয়েব ফিল্মটিতে অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাবে নবাগত অভিনেতা পলাশকে। এছাড়া অভিনয় করছেন বড়দা মিঠু ও ইমরান হাসোসহ আরও অনেকে। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ মার্চ পুরো টিম নিয়ে নেপালে শুটিং শুরু হবে।
শুটিং শেষে ঈদের পর দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে ‘শিকার’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।









































