
বলিউডের গ্ল্যামার জগতে যখন পানমশলা কিংবা তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে বড় বড় তারকাদের দেখা মেলাটাই স্বাভাবিক চিত্র, তখন সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটে আলোচনায় এলেন অভিনেতা সুনীল শেঠি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছেন যে, প্রায় ৪০ কোটি রুপির একটি তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের প্রস্তাব তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
কেবল অর্থের মোহে নিজের আদর্শ এবং সন্তানদের ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে চাননি এই অভিনেতা।
সুনীল শেঠি জানান, তার সুস্বাস্থ্যই তাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে। তিনি বলেন, “আমার শরীরই আমাকে চলচ্চিত্র জগতে সুযোগ করে দিয়েছে। যদি আমি একে সম্মান না করি, তবে নিজের প্রতি অবিচার করা হবে।”
অভিনয়ের পাশাপাশি ফিটনেস আইকন হিসেবে পরিচিত এই অভিনেতা মনে করেন, পর্দার বাইরের ব্যক্তিত্বই তরুণ প্রজন্মের কাছে তাকে আজও প্রাসঙ্গিক করে রেখেছে। তাই সিনেমা বা বক্স অফিসের চেয়েও নিজের নৈতিক উত্তরাধিকার তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
নিজের সন্তানদের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “আমি এমন কোনো কাজ করব না যা আহান, আথিয়া বা রাহুলের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। অর্থের প্রয়োজনে হয়তো কাজ করতে পারি, কিন্তু আদর্শ বিসর্জন দিয়ে নয়।”
উল্লেখ্য, এর আগে অজয় দেবগন, শাহরুখ খান ও অক্ষয় কুমারের মতো মহাতারকারা পানমশলার বিজ্ঞাপনে অভিনয় করে ভক্তদের ব্যাপক সমালোচনা ও আইনি জটিলতার মুখে পড়েছিলেন। সেই নিরিখে সুনীল শেঠির এই বলিষ্ঠ সিদ্ধান্ত বলিউডে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।










































