
দেশে আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে কোনো সংকট নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর রমজানের পণ্যের আমদানি ৪০ শতাংশের বেশি বেড়েছে, ফলে এবার পণ্যের দাম গত বছরের চেয়ে কম থাকার সম্ভাবনা রয়েছে।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাণিজ্য উপদেষ্টা জানান, উৎপাদন ও আমদানির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ বছর বাজার পরিস্থিতি আরও বেশি স্থিতিশীল থাকবে। আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ায় বাজারদর স্থিতিশীল থেকে নিম্নমুখী থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় প্রতিদিন বাজার মনিটরিং করা হচ্ছে এবং রমজান মাসে ভোক্তা অধিদপ্তরের তদারকি আরও জোরদার করা হবে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ব্যবসায়ী সংগঠনের নেতারা সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক থাকার বিষয়ে আশ্বস্ত করেছেন। গত বছরের মতো এবারও পণ্যের কোনো ঘাটতি হবে না এবং ভোক্তারা স্বস্তিদায়ক পরিবেশে রমজান পার করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।










































