শনিবার । মার্চ ২১, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২৬ জানুয়ারি ২০২৬, ২:১২ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশকে নিয়ে দেওয়া পোস্ট মুছে ফেলতে বাধ্য হলেন সাবেক ক্রিকেট তারকা


gillepse

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার জেসন গিলেসপি

বাংলাদেশকে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও গালিগালাজের শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার জেসন গিলেসপি। এ কারণে এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্ট মুছে ফেলতে বাধ্য হন তিনি।

আইসিসির সিদ্ধান্তের ব্যাখ্যা জানতে গিলেসপি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলেন—কেন বাংলাদেশকে ভারতের বাইরে গিয়ে তাদের ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়নি, যেখানে আগের আইসিসি টুর্নামেন্টগুলোতে এমন নজির রয়েছে।

মুছে ফেলা সেই পোস্টে গিলেসপি লেখেন, ‌‘আইসিসির পক্ষ থেকে কি কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে—কেন বাংলাদেশকে ভারতের বাইরে তাদের ম্যাচ খেলার সুযোগ দেওয়া হলো না?’

এরপর তিনি অতীতের একটি উদাহরণ টেনে আইসিসির অবস্থানের অসঙ্গতির কথা উল্লেখ করেন। গিলেসপি লেখেন,
‘আমার মনে পড়ে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানালে তাদের পাকিস্তানের বাইরে ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়েছিল। তাহলে এখানেও বিষয়টি পরিষ্কার করে বলা হচ্ছে না কেন?’

পোস্টটি মুছে দেওয়ার পর ভক্তদের মধ্যে নানা জল্পনা শুরু হয়। একাধিক সমর্থক গিলেসপিকে ট্যাগ করে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, কেবল একটি প্রশ্ন তোলার কারণেই তাকে কটূক্তি ও অপমানের শিকার হতে হয়েছে।

এক ভক্তের প্রশ্নের জবাবে গিলেসপি লেখেন, ‘সহজ একটি প্রশ্ন করার জন্যই আমাকে গালিগালাজ করা হয়েছে, তাই পোস্টটি মুছে ফেলেছি।’

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি আইসিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে অংশ নেবে স্কটল্যান্ড। ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আইসিসির এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, ভারতের বাইরে ম্যাচ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আবেদন নাকচ করা হয়েছে, কারণ এ বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকির প্রমাণ পাওয়া যায়নি। এর পরই বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।