রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৭ জানুয়ারি ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ন
শেয়ার

বিদেশিদের বাড়ি কেনার সুযোগ দিল সৌদি আরব


বিদেশিদের বাড়ি ও প্রোপার্টি কেনার সুযোগ দিয়ে আইন পরিবর্তন করেছে সৌদি আরব। নতুন এই আইন চলতি জানুয়ারি মাস থেকেই কার্যকর হয়েছে। এর ফলে সৌদি আরবে বসবাসরত বিদেশিদের পাশাপাশি দেশের বাইরে থাকা বিদেশিরাও নির্দিষ্ট শর্তে সৌদিতে বাড়ি কিনতে পারবেন।

তবে দুই পবিত্র নগরী মক্কা ও মদিনায় কোনো বিদেশিকে বাড়ি বা জমি কেনার অনুমতি দেওয়া হয়নি। সৌদির বাইরে অবস্থানরত বিদেশিরা শুধু সরকারের নির্ধারিত অঞ্চলেই প্রোপার্টি কিনতে পারবেন। প্রাথমিকভাবে রিয়াদ ও জেদ্দাকে এ তালিকায় রাখা হয়েছে। আগামী মার্চ মাসের মধ্যে এসব নির্দিষ্ট এলাকার মানচিত্র প্রকাশ করবে সৌদি সরকার।

কীভাবে আবেদন করবেন?: যারা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন, তারা নিজ নিজ ইকামা নম্বর ব্যবহার করে নির্ধারিত পোর্টালে আবেদন করতে পারবেন। তারা ব্যক্তিগত বসবাসের জন্য একটি বাড়ি কেনার অনুমতি পাবেন।

অন্যদিকে, সৌদির বাইরে থাকা বিদেশিরা—যেমন বাংলাদেশ থেকে কেউ প্রোপার্টি কিনতে চাইলে—প্রথমে সৌদি দূতাবাস থেকে একটি ডিজিটাল আইডি সংগ্রহ করতে হবে। এরপর সেই আইডির মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।

কর ও আইনগত বিধান: যেকোনো প্রোপার্টি কেনা বা বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত ‘রিয়েল এস্টেট ট্রানজ্যাকশন ট্যাক্স’ দিতে হবে। ভুল তথ্য প্রদান, বেনামে সম্পত্তি কেনা বা আইন লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ১ কোটি সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সংশ্লিষ্ট সম্পত্তি বাজেয়াপ্ত করার কঠোর বিধান রাখা হয়েছে।

কত টাকা লাগতে পারে?: রিয়েল এস্টেট প্রতিষ্ঠান স্যান্ডস অব ওয়েলথ ও ইমিতিলাক গ্লোবালের তথ্য অনুযায়ী, রিয়াদ ও জেদ্দায় এক রুমের একটি ফ্ল্যাট কিনতে লাগতে পারে প্রায় ১ কোটি টাকা, ২ থেকে ৩ রুমের ফ্ল্যাটের দাম প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা, আর বড় বা বিলাসবহুল ফ্ল্যাট কিনতে খরচ হতে পারে প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা।